প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কেন্দ্রীয় চুক্তিতে বড় বদল আনছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব সংস্করণে ধারাবাহিকভাবে খেলা ক্রিকেটারের অভাব থাকায় ২০২৬ সালের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তি থেকে ‘এ প্লাস’ ক্যাটাগরি বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে। নতুন এই চুক্তিতে সর্বমোট ২৭ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা ও সংশোধিত বেতন কাঠামো এখনো আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায়, তবে ‘এ প্লাস’ ক্যাটাগরি না রাখার বিষয়ে বোর্ডের অভ্যন্তরে ঐকমত্য তৈরি হয়েছে।

এর আগে ২০২৫ সালে কেন্দ্রীয় চুক্তির কাঠামোতে বড় ধরনের সংস্কার আনে বিসিবি। সে সময় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা চুক্তির পরিবর্তে চালু করা হয় পাঁচ স্তরের ক্যাটাগরি—এ প্লাস, এ, বি, সি ও ডি। তিন সংস্করণেই নিয়মিত পারফরম্যান্স করা ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ সম্মানী নির্ধারিত ছিল ‘এ প্লাস’ ক্যাটাগরিতে।

তবে বর্তমান জাতীয় দলে এমন কোনো ক্রিকেটার নেই, যিনি একসঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত খেলছেন। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই আসন্ন চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখা যুক্তিযুক্ত নয় বলে মনে করছে বিসিবি।

বিসিবির উন্নয়ন কার্যক্রম সংশ্লিষ্ট এক কর্মকর্তা শনিবার (৩১ জানুয়ারি) ক্রিকবাজকে জানান, এবারের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ প্লাস’ রাখা হচ্ছে না। কারণ, এই ক্যাটাগরির প্রধান শর্ত পূরণ করার মতো ক্রিকেটার বর্তমানে দলে নেই। তিনি আরও জানান, ২৭ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যা বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নতুন চুক্তির তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে থাকছেন না অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ২০২৬ সালের চুক্তিতে তার নাম রাখা হয়নি। তবে আগের তালিকায় থাকা ২১ জন ক্রিকেটার এবারও চুক্তিতে নিজেদের অবস্থান ধরে রেখেছেন।

এছাড়া পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনার বিবেচনায় ছয়জন নতুন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় যুক্ত করা হচ্ছে। তারা হলেন—শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

২০২৬ সালের জন্য প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় আরও আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, শাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা