প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অপবাদ ছড়িয়ে কিংবা প্রতারণার আশ্রয় নিয়ে জনগণের রায় আদায় করা সম্ভব নয়: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলীয় প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, অপবাদ ছড়িয়ে, বিভ্রান্তি তৈরি করে কিংবা প্রতারণার আশ্রয় নিয়ে জনগণের রায় আদায় করা সম্ভব নয়। তিনি দাবি করেন, কিছু রাজনৈতিক দল ধরে নিয়েছে তারা আগেই নির্বাচনে জয়ী হয়ে যাবে—জনগণ জানতে চায়, এই আত্মবিশ্বাসের উৎস কোথায়।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও বাজার এলাকায় গণসংযোগ চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে মির্জা আব্বাস বলেন, পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়। আচরণবিধিতে উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য নিষিদ্ধ থাকলেও তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ অন্যদের ক্ষেত্রে এমনটা দেখা যাচ্ছে না। তিনি বলেন, যারা মিথ্যাচার করছেন, তাদের ইহকাল-পরকালে জবাব দিতে হবে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তার অভিযোগ, কমিশন যদি নিরপেক্ষ থাকত, তাহলে এত অভিযোগ ও অপবাদ ওঠার পরও কেন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিষয়টি কমিশনকে জানানো হলেও তাতে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

ভোটার তালিকা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, তার নির্বাচনী এলাকায় প্রায় ২ লাখ ৮০ হাজার ভোটারের মধ্যে উল্লেখযোগ্য অংশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভোটাররা কারা—তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রকৃত ভোটার শনাক্ত না হলে নির্বাচন সঠিক ফল দেবে না। এ কারণে অনুপস্থিত বা ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় কর্মজীবী নারীদের নিয়ে এক রাজনৈতিক দলের শীর্ষ নেতার করা আপত্তিকর মন্তব্যেরও কঠোর সমালোচনা করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ধর্মে কোথাও নারীদের কাজ করা নিষিদ্ধ বলা হয়নি; বরং নারীদের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি নারী সমাজকে সচেতন থাকার আহ্বান জানান।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, সংবাদমাধ্যম কখনো বিএনপির সমালোচনা করলেও দলটি তা মেনে নেয়, কারণ তারা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে গণমাধ্যমকে হুমকির ভাষায় কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, স্বাধীনতার যুদ্ধ কিংবা সাম্প্রতিক গণআন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হুমকির রাজনীতি প্রতিষ্ঠার জন্য হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা