প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার আশা পররাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই প্রত্যাশার কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ভোটের হার ছিল ৫৫ শতাংশ। তার ধারণা, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ওই হারকে ছাড়িয়ে যাবে। তিনি বলেন, “আমার বিশ্বাস, এবারের নির্বাচনে জনগণের অংশগ্রহণ আরও বেশি হবে।”

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের কোনো নির্বাচনই পুরোপুরি ঝামেলামুক্ত হয়নি। তবে এবারের নির্বাচনে যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। নির্বাচনকালীন সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক মহলকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শুরুতে বিষয়টি নিয়ে ভোটারদের মধ্যে কিছুটা দ্বিধা থাকলেও বড় রাজনৈতিক দলগুলোর অবস্থানের কারণে বিষয়টি এখন অনেকটাই স্পষ্ট। জামায়াত ও এনসিপি আগে থেকেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিল, পরে বিএনপির চেয়ারম্যানও একই অবস্থান নেন। ফলে ‘হ্যাঁ’ ভোট সহজেই সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে তিনি মনে করেন।

নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো নির্দিষ্ট তথ্য নেই বলেও জানান তিনি।

কূটনৈতিক পাসপোর্ট প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, কয়েকজন উপদেষ্টা দ্রুত ভিসা প্রক্রিয়ার সুবিধার্থে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট গ্রহণ করেছেন। তবে তিনি নিজে এখনো কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেননি।

অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বক্তব্য দেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েসও বক্তব্য রাখেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা