বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় সংগঠনটির নেতারা জামায়াত আমিরের প্রকাশ্য ক্ষমা দাবি করেন এবং দাবি মানা না হলে বড় ধরনের আন্দোলনের ঘোষণাও দেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অপরাজেয় বাংলার সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ চলাকালে নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস এলাকা।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি তুলে দায়িত্ব এড়ানো যাবে না। তার ভাষায়, “অনেকে বলছেন আইডি হ্যাক হয়েছে, কিন্তু আমরা মনে করি চিন্তাভাবনার জায়গাতেই সমস্যা রয়েছে।”
তিনি জামায়াত আমিরের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে বলেন, একাধিকবার নির্বাচনে অংশ নিয়েও তিনি জনসমর্থন পাননি। এমনকি নিজ এলাকায় গুরুত্ব হারিয়েছেন বলেই ভিন্ন আসনে প্রার্থী হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশের শেষ পর্যায়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নারীদের অবমাননাকর যেকোনো বক্তব্যের জন্য জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় ছাত্রদল আরও বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম যদি রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করে, তাহলে তা শুধু নারী সমাজ নয়—দেশের সামগ্রিক গণতন্ত্র ও সামাজিক নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।