বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ও তা ঘিরে সৃষ্ট বিতর্কের পর আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে দলটি।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। এতে সাম্প্রতিক ঘটনাবলি ও দলের অবস্থান তুলে ধরা হবে।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ সম্মেলনটি গুরুত্বের সঙ্গে প্রচারের জন্য জাতীয় ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। গণমাধ্যমগুলোকে একজন রিপোর্টার ও একজন ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধও করা হয়েছে।
জামায়াত সূত্র জানায়, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার কিছু সময় পর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ ঘটে। হ্যাকড অবস্থায় অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হলে বিষয়টি দ্রুত নজরে আসে। এরপর দলের সাইবার টিম তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে বিকেল ৫টার দিকে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে এবং সংশ্লিষ্ট পোস্টটি মুছে ফেলা হয়।
তবে ওই স্বল্প সময়ের মধ্যেই পোস্টটির স্ক্রিনশট সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত। অপপ্রচার রোধ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে। এ প্রেক্ষিতে শনিবার গভীর রাতে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।