প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তিন প্রার্থীর মনোনয়ন বৈধ থাকবে কি না—সে বিষয়ে আজ রোববার (১ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

 

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে আজকের কার্যতালিকায় তিনটি পৃথক আবেদন আদেশের জন্য অন্তর্ভুক্ত রয়েছে।

 

বিএনপির এই তিন প্রার্থীর নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এবং কুমিল্লা-৪ আসনের অন্তর্ভুক্ত।

 

কুমিল্লা-১০ আসনের প্রার্থী মোবাশ্বের আলম নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। শুনানি শেষে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট তার পক্ষে রুল জারি করে ইসির সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে তিনি প্রতীকও বরাদ্দ পান। তবে ওই আসনের অপর প্রার্থী হাসান আহমেদ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন।

 

একই আসনের আরেক বিএনপি মনোনীত প্রার্থী গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি ইসি তার মনোনয়নপত্র বাতিল করে। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গফুর ভূঁইয়া হাইকোর্টে গেলে আদালত তার আবেদন খারিজ করে দেন। পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

 

অন্যদিকে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত গত ২১ জানুয়ারি সেটি খারিজ করেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধেও তিনি আপিল বিভাগে আবেদন করেছেন।

 

আজকের আদেশের মাধ্যমে এই তিন প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা