প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ ত্যাগ ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে মানুষ আবার স্বাধীনতার স্বাদ ফিরে পেয়েছে। তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ,  দিনটি হতে হবে জনগণের ভাগ্য পরিবর্তনের সূচনা। যেভাবে ৫ আগস্ট মানুষ রাজপথে নেমে এসেছিল, ঠিক সেই চেতনা নিয়েই সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের পাশে টাঙ্গাইলের দরুন–চরজানা বাইপাস এলাকার একটি খোলা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সামনে যে সময় আসছে তা শুধু ভোটের নয়, বরং দেশ গঠনের সময়। আগামী দিনের রাজনীতি হবে মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়—এই দেশ কোটি মানুষের।

তিনি আরও বলেন, সবাইকে সজাগ থাকতে হবে যেন কোনো অপশক্তি আবার ভোটাধিকার হরণ করতে না পারে। তার ভাষায়, দেশের মানুষই বাংলাদেশের প্রকৃত মালিক, আর ১২ ফেব্রুয়ারি জনগণই ঠিক করবে দেশ কোন পথে এগোবে। তিনি আশা প্রকাশ করেন, ভোটের পরদিন থেকেই দেশ পুনর্গঠনের কাজ শুরু করা যাবে।

অর্থনৈতিক প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারম্যান বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও ঐতিহ্যবাহী পণ্য দেশের বাইরেও পরিচিত। সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিলে এসব পণ্যের আন্তর্জাতিক বাজার আরও বিস্তৃত করা সম্ভব।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় জেলার আটটি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা বক্তব্য দেন। সভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। পরে তারেক রহমান মঞ্চ থেকে জেলার আটটি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে রাজশাহী ও রংপুর বিভাগে ধারাবাহিক সফর শেষে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। জনসভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা