প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

একটা দল নাকি ৪০ লাখ বোরকা বানাইছে : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাল ভোটের শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ বোরকা ব্যবহার করে ভোটকেন্দ্রে অনিয়ম করার পরিকল্পনা করতে পারে।

শনিবার দুপুরে রাজধানীর পল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে হজ, রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, তিনি শুনেছেন একটি দল বিপুল সংখ্যক বোরকা প্রস্তুত করেছে, যা জাল ভোটের কাজে ব্যবহৃত হতে পারে। তার আশঙ্কা, পুরুষদের নারী ভোটারের ছদ্মবেশে ভোটকেন্দ্রে ঢোকানোর চেষ্টা করা হতে পারে। তিনি বলেন, বোরকার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে, কারণ তার মা নিজেও বোরকা পরতেন। তবে বোরকা ব্যবহার করে ভোট জালিয়াতি করা হলে তা কখনোই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিএনপি একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন চায়। সরকার ও নির্বাচন কমিশনের কাছে জনগণের প্রত্যাশা একটি সুষ্ঠু ভোট আয়োজন। তবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণায় যদি অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় নেওয়া হয়, তাহলে সেটি সন্দেহজনক বলে ধরে নেওয়া হবে। জনগণের কষ্টার্জিত ভোটাধিকার কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, দেশ ও জাতি এক ধরনের অস্বস্তিকর সময় পার করছে। তার মতে, আগের সরকারের সময়কার অবস্থার তুলনায় কিছু ক্ষেত্রে পরিবর্তন এসেছে, যেমন পুলিশের হয়রানি কিছুটা কমেছে। তবে সামগ্রিকভাবে জনগণের জীবনযাত্রায় তেমন স্বস্তি আসেনি।

রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, কেউ কেউ মনে করেন ২০২৪ সালেই সব কিছু হয়ে গেছে। কিন্তু তার প্রশ্ন, তাহলে গত ১৭ বছরে আন্দোলন-সংগ্রামের ত্যাগের মূল্য কী? তিনি দাবি করেন, এই সময়ে হাজার হাজার নেতা-কর্মী গুম ও শহীদ হয়েছেন এবং অসংখ্য মানুষ কারাবরণ করেছেন, যার মধ্য দিয়ে গণতন্ত্রের ভিত্তি মজবুত করা হয়েছে।

নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বয়স বাড়া মানেই অচল হয়ে যাওয়া নয়। বরং অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য একটি বড় শক্তি। অভিজ্ঞদের পরামর্শ ও দিকনির্দেশনা ছাড়া তরুণদের পক্ষে সামনে এগোনো কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা