প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের অধিকার সমান: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পুরোনো বস্তাপচা রাজনীতিই দেশে ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র ও সর্বগ্রাসী দুর্নীতির জন্ম দিয়েছে। সেই রাজনীতিকে এবার স্থায়ীভাবে প্রত্যাখ্যান করতে চায় জামায়াতে ইসলামী। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের সব নাগরিকের অধিকার সমান এবং তা নিশ্চিত করতেই তারা প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার ঢাকার কেরানীগঞ্জের শাক্তা সরকারি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতাসীনরা দেশকে ভালোবাসেনি; বরং শোষণ, গুম, খুন ও তথাকথিত ‘আয়নাঘর’ সংস্কৃতির মাধ্যমে দেশকে ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দিয়েছে। এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, ন্যায়নিষ্ঠ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আশ্বাস দেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে কেরানীগঞ্জকে একটি পরিকল্পিত ও আধুনিক মডেল জনপদে রূপান্তর করা হবে। কেরানীগঞ্জকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সেবার মানে দৃশ্যমান পরিবর্তন আনা হবে।

আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, পরিবারতন্ত্র ও ব্যাংক লুটের রাজনীতির বিরুদ্ধে এবার জনগণকে ‘লাল কার্ড’ দেখাতে হবে। এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবেই ভোটের মাধ্যমে জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, ১২ তারিখে ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও সুসংহত করতে হবে। ১১ দলীয় ঐক্যজোটের লক্ষ্য হচ্ছে ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটিয়ে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।

নারীদের ওপর সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, যেসব জায়গায় মা-বোনদের ওপর হামলা হচ্ছে তা বন্ধ করতে হবে। নিজেদের পরিবারের নারীদের সম্মান করতে শিখলেই সমাজে নারীর মর্যাদা নিশ্চিত করা সম্ভব।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে কারচুপির চেষ্টা হলে জনগণ আবারও ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে। নিজেদের গণতন্ত্র নিজেদেরই রক্ষা করতে হবে।

জাগপা সভাপতি রাশেদ প্রধান বলেন, জুলাই আন্দোলনে গুলি থেমেছে, এখন ভোটের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার সময়। তিনি সবাইকে ১২ তারিখের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতের আমির মোহাম্মদ দেলোয়ার হোসাইন। আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন আসনের প্রার্থীরা। জনসভা উপলক্ষে পুরো মাঠ ও আশপাশের এলাকা নেতা-কর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা