বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে একসঙ্গে শান্তিতে বসবাস করাই আমাদের রাজনীতির লক্ষ্য। আমাদের কাছে জাত-পাত বা ধর্ম বড় নয়, বড় হলো দেশের মানুষ। আমরা মানুষকে মানুষ হিসেবেই মূল্যায়ন করতে চাই।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বিসিক শিল্পপার্কে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশ ও মানুষের প্রকৃত সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব হবে। তিনি অভিযোগ করে বলেন, ভোটাধিকার রক্ষার আন্দোলনে অংশ নিতে গিয়ে সিরাজগঞ্জের মেরির মতো বহু মানুষ আজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছেন। গত ১৬–১৭ বছরে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হাজারো মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, কেউ পঙ্গু হয়েছেন, কেউ জীবন দিয়েছেন।
তিনি বলেন, যারা ৫ আগস্ট পালিয়ে গেছে, তারাই দেশের মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল। সেই অন্যায়ের বিরুদ্ধেই মানুষ রাস্তায় নেমেছিল। এই আত্মত্যাগের প্রকৃত মূল্য দিতে হলে শুধু সভা-সমাবেশ যথেষ্ট নয়, অধিকার ফিরিয়ে আনতে হলে ১২ তারিখ সবাইকে সোচ্চার হতে হবে।
জনসভায় তারেক রহমান বিকেল ৩টা ৩৫ মিনিটে মঞ্চে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে মুহূর্তেই করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে জনসভাস্থল। প্রায় ১৯ বছর পর সিরাজগঞ্জে তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শনিবার সকাল থেকেই বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। দুপুরের মধ্যেই বিসিক শিল্পপার্ক মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিকেল পৌনে ৩টার দিকে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে জনসভা শুরু হয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
এছাড়াও বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ডিসেম্বরে সিরাজগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেন।