প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ক গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের আগমন নিশ্চিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। আন্তর্জাতিক অঙ্গনে এবারের নির্বাচন ও গণভোটকে ঘিরে উল্লেখযোগ্য আগ্রহ তৈরি হওয়ায় পর্যবেক্ষকের সংখ্যাও বেড়েছে।

প্রেস উইংয়ের তথ্যমতে, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা মোট ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আরও ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

পূর্ববর্তী নির্বাচনের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন, ১১তম নির্বাচনে ১২৫ জন এবং ১০ম নির্বাচনে মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। সে তুলনায় এবারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

ওআইসির দুই সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার। এছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে সাতজন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন পর্যবেক্ষক আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রতিনিধিসহ মোট ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফর ও সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ জানান, পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, আমন্ত্রণপ্রাপ্ত কয়েকটি দেশ এখনো তাদের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করেনি।

যেসব দেশ এখনো পর্যবেক্ষক তালিকা নিশ্চিত করেনি, সেগুলোর মধ্যে রয়েছে ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া। এছাড়া দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম ফেমবোসাও শিগগিরই পর্যবেক্ষকদের নাম ঘোষণা করতে পারে।

এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা