বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো হয়েছে, এখন সময় এসেছে সবাইকে একসঙ্গে নিয়ে দেশ গড়ার। তিনি বলেন, রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এখন প্রধান দায়িত্ব।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, সামনে আমাদের দায়িত্ব অনেক বড়। বিশেষ করে কৃষকরা নানা কষ্টের মধ্য দিয়ে উৎপাদন চালিয়ে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একইভাবে দেশের তরুণ সমাজের শক্তিকে কাজে লাগাতে হলে যুবসমাজকে সহায়তা ও সুযোগ করে দিতে হবে।
তিনি আরও বলেন, কৃষক ও যুবকরাই দেশের অর্থনীতি ও ভবিষ্যতের মূল চালিকাশক্তি। তাদের স্বার্থ রক্ষা করতে পারলেই একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব হবে।
জনসভায় অংশ নিতে বিএনপি চেয়ারম্যান বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে পৌঁছান। তাকে একনজর দেখতে সকাল থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী পাবনা জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক জনসভাস্থলে জড়ো হন। দুপুর ১২টার মধ্যেই বিসিক শিল্প পার্ক ও আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়।
পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সমাবেশটি পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।