বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, শুধু ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড নয়—যুবক-যুবতী এবং কর্মহীন নারী-পুরুষদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করাই তাদের মূল লক্ষ্য। তিনি স্পষ্ট করে বলেন, জামায়াতে ইসলামীর কেউ কখনো মিথ্যা প্রতিশ্রুতি, প্রলোভন কিংবা অর্থের বিনিময়ে ভোট চায় না।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বদরগঞ্জ উপজেলা মডেল হাই স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এটিএম আজহারুল ইসলাম বলেন, নারীরা জাতির অন্যতম শক্তি। নারীর কল্যাণ ও মর্যাদা নিশ্চিত হলে দেশও এগিয়ে যাবে। একজন নারীই পারে আদর্শ প্রজন্ম গড়ে তুলতে। নারীদের অবহেলা বা অসম্মান করে যারা ভোট চায়, তারা কখনোই নারীদের প্রকৃত উন্নয়ন চায় না।
সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, ব্যাংক ঋণ মওকুফ ও এনজিওর টাকা ফেরতের আশ্বাস দিয়ে ভোট চাইছে। যারা ভোটের জন্য এভাবে প্রলোভন দেখায়, তাদের উদ্দেশ্য যে সৎ নয়—তা জনগণকে বুঝতে হবে।
তিনি অভিযোগ করেন, ক্ষমতায় গেলে এসব গোষ্ঠী আগের ফ্যাসিস্ট সরকারের মতোই রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে বিলাসী জীবনযাপন করবে। তাই কোনো কার্ড বা মিথ্যা আশ্বাসের ফাঁদে পড়ে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যান্য ধর্মাবলম্বী নারীদের উদ্দেশ্যে এটিএম আজহার বলেন, জামায়াতে ইসলামীর কাছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান। নারী-পুরুষ, মুসলিম-হিন্দু—সবার অধিকার সমানভাবে স্বীকৃত। ইসলামে হিংসা বা বৈষম্যের কোনো স্থান নেই। যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করে, তারা ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করে না।
তিনি আরও বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর দেশের আলেম-ওলামা, সাধারণ মানুষসহ পুরো জাতি নির্যাতনের শিকার হয়েছে। সবাই ছিল মজলুম। ভবিষ্যতের বাংলাদেশ মজলুম মানুষের পক্ষেই দাঁড়াবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জামায়াত কোনো দলীয় আধিপত্য নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয় চায় বলেও মন্তব্য করেন তিনি।
এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির কোনো স্থান থাকবে না। এমন একটি সমাজ গড়ার অঙ্গীকার করেন, যেখানে প্রতিটি নাগরিকের জীবন, সম্পদ ও সম্মান নিরাপদ থাকবে। এ লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ১১ দলীয় জোটের প্রতীক দাঁড়িপাল্লা এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নারী অংশ নেন। উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী নারীর উপস্থিতিও লক্ষ্য করা যায়। উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন নায়েবে আমির শাহ মো. রুস্তম আলী, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।