প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিরাজগঞ্জে তারেক রহমানের জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার বিসিক শিল্প পার্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় তারেক রহমানের জনসভায় যোগ দেওয়ার কথা থাকলেও রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সভাস্থলে পৌঁছাননি।

দলীয় সূত্র জানায়, বগুড়ার শেরপুরে একটি মতবিনিময় সভা শেষ করার পর তারেক রহমানের সিরাজগঞ্জে রওনা হওয়ার কথা থাকলেও তিনি এখনো যাত্রা শুরু করেননি। তবে নেতার আগমনের আগেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে জড়ো হতে থাকেন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিসিক শিল্প পার্ক এলাকায় ভিড় আরও বাড়ছে। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা জনসভায় যোগ দিচ্ছেন। একই সঙ্গে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরাও মঞ্চে উপস্থিত রয়েছেন।

প্রচণ্ড রোদ উপেক্ষা করেই জনসভাস্থলে নেতাকর্মীদের উপস্থিতি অব্যাহত রয়েছে। বিশেষ করে নারী নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ চোখে পড়ার মতো।

এর আগে দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনী সভামঞ্চ ও আশপাশের এলাকা তল্লাশি চালিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এদিকে সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা