প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬

লালমনিরহাটে আয়োজিত পৃথক দুটি রাজনৈতিক সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। একদিনে এই যোগদানকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় যুবদলের অন্তত ২৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। তারা দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

যোগদান অনুষ্ঠানে লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও লালমনিরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগদানকারী যুবদল নেতা রেজাউল করিম বলেন, তিনি ২০১৩ সাল থেকে ছাত্রদল ও পরবর্তীতে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান ও নীতির সঙ্গে একমত না হওয়ায় তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের ২৫ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন বলে তিনি জানান।

এর আগে একইদিন বিকেলে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুর উপস্থিতিতে দহগ্রাম-আঙ্গরপোতা এলাকার বিএনপি নেতা মো. রবিউল ইসলামের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।

এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, এই যোগদান কেবল সংখ্যাগত পরিবর্তন নয়, বরং আদর্শিক রাজনীতির প্রতি মানুষের আস্থার প্রতিফলন। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে বিশ্বাসী যেকোনো মানুষের জন্য জামায়াতের দরজা খোলা রয়েছে।

তিনি দাবি করেন, লালমনিরহাট জেলার বিভিন্ন সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৫ জনের বেশি নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন। তাদের বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নীতি ও শৃঙ্খলাভিত্তিক রাজনৈতিক শক্তি, যা সাধারণ মানুষের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা