প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুঁজিবাজারে স্বস্তির ছোঁয়া: সূচক ও লেনদেনে ফিরেছে ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহজুড়ে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। আলোচ্য সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি দৈনিক গড় লেনদেনেও সামান্য উন্নতি দেখা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে এ সূচক ছিল ৫ হাজার ১০০ পয়েন্টে। একই সময়ে বড় মূলধনী কোম্পানির সূচক ডিএস-৩০ বেড়ে হয়েছে ১ হাজার ৯৮৭ পয়েন্ট, যা এক সপ্তাহ আগে ছিল ১ হাজার ৯৬৩ পয়েন্ট। এছাড়া শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৯ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪ পয়েন্টে উন্নীত হয়েছে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডে লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির। পাশাপাশি ২৪টি কোম্পানির শেয়ার লেনদেনের বাইরে ছিল। সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে দৈনিক গড়ে প্রায় ৫৭৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় শূন্য দশমিক ৬৩ শতাংশ বেশি।

খাতভিত্তিক লেনদেন বিশ্লেষণে দেখা যায়, সাধারণ বীমা খাত ছিল সবচেয়ে সক্রিয়। মোট লেনদেনের ১৭ দশমিক ৫৬ শতাংশ এসেছে এই খাত থেকে। দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত (১৩ দশমিক ৮৮ শতাংশ) এবং তৃতীয় স্থানে ব্যাংক খাত (১০ দশমিক ৬৭ শতাংশ)। এছাড়া বস্ত্র ও জীবন বীমা খাত যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে ছিল।

রিটার্ন বিশ্লেষণে দেখা গেছে, সাতটি খাত বাদে বাকি প্রায় সব খাতেই ইতিবাচক ফলাফল এসেছে। এর মধ্যে ব্যাংক খাতে সর্বোচ্চ ৪ দশমিক ২১ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। জীবন বীমা ও করপোরেট বন্ড খাতেও উল্লেখযোগ্য ইতিবাচক রিটার্ন এসেছে। বিপরীতে ভ্রমণ ও অবকাশ, বস্ত্র এবং প্রকৌশল খাতে নেতিবাচক রিটার্ন লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকে ঊর্ধ্বগতি ছিল। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ১৪ হাজার ৪৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসসিএক্স সূচকও সপ্তাহজুড়ে বেড়ে হয়েছে ৮ হাজার ৯৬৪ পয়েন্ট।

তবে সিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। সপ্তাহজুড়ে সেখানে প্রায় ৪৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট ২৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা