বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবসমাজকে বেকার ভাতার ওপর নির্ভরশীল করে রাখা তার দলের লক্ষ্য নয়। বরং প্রতিটি তরুণ-তরুণীর হাতে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ তুলে দিয়ে তাদের দেশ গড়ার শক্তিতে রূপান্তর করতে চায় জামায়াতে ইসলামী।
শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, এমন এক বাংলাদেশ গড়তে চান তারা, যেখানে প্রতিটি যুবক-যুবতী আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবে—এই দেশ আমার, আমিই এই দেশ। দেশ যা দেবে তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব, আবার দেশের জন্য নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দেব।
নারীদের ভূমিকা নিয়ে প্রচলিত সমালোচনার জবাবে জামায়াত আমির বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীরা ঘরে বন্দি হয়ে যাবে—এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। দেশের উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে মা-বোনদের সক্রিয় অংশগ্রহণে সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ১৮ কোটি মানুষের দেশে কোনো জেলাই মেডিকেল কলেজ থেকে বঞ্চিত থাকবে না। সুযোগ পেলে ফেনীবাসী তাদের ন্যায্য অধিকার পাবে বলেও আশ্বাস দেন তিনি।
এছাড়া সীমান্তসংলগ্ন বাঁধ নির্মাণ ইস্যুতে ফেনীবাসীর উদ্বেগের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান জানান, পার্শ্ববর্তী দেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করেই এ সমস্যার সমাধান করা হবে।
ফেনীর ক্রীড়া অবকাঠামো প্রসঙ্গে তিনি বলেন, জেলার অর্থনীতিতে ফেনীর বড় অবদান রয়েছে। প্রবাসী আয় ও শিল্পে ভূমিকার স্বীকৃতি হিসেবে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হবে।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার দৃঢ় অবস্থান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
শেষে জামায়াত আমির বলেন, আধিপত্যবাদ, দুর্নীতি, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে তিনি স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থান হিসেবে উল্লেখ করে জনগণকে সচেতন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।