প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নওগাঁর এটিএম মাঠে তারেক রহমানের জনসভায় জনসমুদ্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬

সারাদেশে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে নওগাঁ সফর করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তিনি নওগাঁ শহরের এটিএম মাঠে পৌঁছালে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান।

সমাবেশস্থলে পৌঁছে তারেক রহমান জনসভা মঞ্চে উঠে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন। পরে তিনি প্রধান অতিথির আসনে আসন গ্রহণ করেন। এ জনসভায় নওগাঁ জেলার পাশাপাশি পার্শ্ববর্তী বগুড়া ও জয়পুরহাট জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সকাল থেকেই নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা ও থানা এলাকা ছাড়াও জয়পুরহাট এবং বগুড়ার নানা স্থান থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা এটিএম মাঠে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সংসদ সদস্য প্রার্থীদের বিশাল বহর মাঠে প্রবেশ করলে জনতার উচ্ছ্বাস আরও বেড়ে যায়।

বিপুল মানুষের উপস্থিতিতে এটিএম মাঠ ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। সমাবেশ দেখতে অনেককে গাছ, উঁচু দেয়াল ও বিভিন্ন স্থাপনার ওপর উঠে দাঁড়াতে দেখা যায়। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে মাঠটি পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।

জনসভাকে কেন্দ্র করে আশপাশের সড়কে যান চলাচল আংশিকভাবে সীমিত হয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। ড্রোনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সমাবেশে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, শফিউল আজম রানা ছাড়াও নওগাঁ-১ থেকে ৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জয়পুরহাট জেলার প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জনসভা শেষে তারেক রহমান সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন। সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরে রাত সাড়ে ৮টায় বগুড়ার একটি হোটেলে রাত্রিযাপন করবেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখানে তিনি হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা