প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেরপুরে সংঘর্ষ: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে সংঘটিত সহিংস ঘটনার প্রেক্ষাপটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে, জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ওসিকে অপসারণের দাবি তোলে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বৃহস্পতিবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ দাবি উত্থাপন করেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হত্যাকাণ্ডের এক দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি, যা নির্বাচনের নিরপেক্ষ পরিবেশের পরিপন্থী। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে এ ঘটনার দ্রুত বিচার ও দায়ীদের আইনের আওতায় আনা জরুরি বলে তারা দাবি করেন।

উল্লেখ্য, বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার চেয়ার নিয়ে বিরোধের জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম ও আশপাশের বাজার এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এই সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন। পাশাপাশি উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ৭টার দিকে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায় এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা