প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজশাহীর জনসভায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে লাল রঙের বুলেটপ্রুফ গাড়িবহর নিয়ে তিনি জনসভাস্থলে পৌঁছান।

মাঠে প্রবেশের পর তিনি সরাসরি সভামঞ্চে উঠে হাত নেড়ে উপস্থিত বিপুল জনতার উদ্দেশে শুভেচ্ছা জানান। পরে প্রধান অতিথির আসনে অবস্থান নেন তিনি।

এর আগে দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে তারেক রহমান রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে দুপুর দেড়টার দিকে তিনি হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং এরপর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের নির্বাচনী জনসভায় যোগ দেন।

এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার নেতাকর্মীরা অংশ নেন। বর্তমানে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা মঞ্চে বক্তব্য দিচ্ছেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় তারেক রহমান নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। সেখানে জয়পুরহাট জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। পরে তিনি সড়কপথে নিজ জেলা বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। রাত সাড়ে ৮টায় তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।

এর আগে বৃহস্পতিবার সকালে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মাদ্রাসা ময়দানে বিএনপির নির্বাচনী জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানা-উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নানা এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

স্লোগান, ব্যানার ও ফেস্টুনে পুরো ময়দান মুখরিত হয়ে ওঠে। সংসদ সদস্য প্রার্থীদের বড় বহর মাঠে প্রবেশ করলে নেতাকর্মীদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। মানুষের ব্যাপক উপস্থিতিতে মাদ্রাসা ময়দান ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অতিরিক্ত জনসমাগমের কারণে সমাবেশস্থলের আশপাশের সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। অনেক তরুণকে প্রিয় নেতার এক ঝলক দেখার আশায় গাছ, উঁচু দেয়াল ও বিভিন্ন স্থাপনার ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সব বয়সী মানুষের উপস্থিতিতে মাদ্রাসা ময়দান রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে।

জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব ও বিজিবি সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে। সভামঞ্চের সামনে ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে আকাশ থেকেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা