প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভোট মানুষের বড় আমানত, সেটার মর্যাদা রক্ষা করব: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থায় নৈতিকতা অনেকটাই হারিয়ে গেছে। তবুও আমরা চেষ্টা করছি সততা ধরে রাখতে। মানুষের ভোট সবচেয়ে বড় আমানত—সেই দায়িত্ব পালনের সুযোগ দিন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ভিক্ষা কিংবা করুণার ওপর নির্ভরশীল রাজনীতি চায় না। আমরা শ্রম ও কাজের মাধ্যমে টিকে থাকতে চাই। আজকের তরুণ প্রজন্ম লেখাপড়া শেষে শুধু সনদ পেলেই চাকরি পায় না। প্রয়োজন দক্ষতা ও প্রশিক্ষণ। দেশ-বিদেশে কাজের সুযোগ তৈরির জন্য তরুণদের সেই দিকেই প্রস্তুত করতে হবে।

তিনি আরও বলেন, গত দেড় দশক ধরে এসব কথা প্রকাশ্যে বলার সুযোগ ছিল না। নির্যাতন, মামলা ও হয়রানির মধ্যেই সময় কেটেছে। এখন আমরা সংগঠিতভাবে কাজ করতে চাই। সংগঠনের মাধ্যমে কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন এবং নারীদের জন্য কুটিরশিল্পভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

নিজ এলাকা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ঠাকুরগাঁও তার জন্মভূমি। তার পরিবার দীর্ঘদিন পৌরসভার নেতৃত্ব দিয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও কোনো উন্নয়ন বরাদ্দ পাওয়া যায়নি। সরকার পরিবর্তনের পরই শহরের সড়ক উন্নয়ন প্রকল্প আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, আগেও আপনারা আমাকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছেন, এবারও সেই আস্থা রাখবেন বলে আশা করি। আমরা রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখি না। ব্যক্তিগত সম্পদ বিক্রি করেই রাজনীতি করেছি। এ নির্বাচনই হয়তো আমার শেষ—আপনাদের ভালোবাসা ও সমর্থন চাই।

গণসংযোগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা