প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজশাহীতে বিএনপির সমাবেশে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬

রাজশাহীর ঐতিহ্যবাহী মাদ্রাসা ময়দানে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ। সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামায় পুরো এলাকা উৎসবের আবহে রূপ নেয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর থেকে রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানা-উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নানা অঞ্চল থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছাতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ছোট-বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা মাদ্রাসা ময়দানে প্রবেশ করছেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। সংসদ সদস্য প্রার্থীদের বহর মাঠে প্রবেশ করলে উপস্থিত জনতার উচ্ছ্বাস আরও বেড়ে যায়।

অতিরিক্ত মানুষের উপস্থিতিতে সমাবেশস্থলের আশপাশের সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়। প্রিয় নেতাদের এক ঝলক দেখতে অনেক তরুণকে গাছ, দেয়াল ও উঁচু স্থাপনার ওপর অবস্থান নিতে দেখা যায়। সব বয়সী মানুষের অংশগ্রহণে মাঠটি পরিণত হয় জনসমুদ্রে।

মহাসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যদের টহল দিতে দেখা যায়। প্রবেশপথগুলোতে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাজশাহী নগর পুলিশের উপকমিশনার মো. গাজিউর রহমান জানান, সমাবেশ ও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক পর রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে বড় কোনো সমাবেশ ঘিরে নতুন প্রত্যাশা ও আলোচনার সৃষ্টি হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা