শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সরকার জানায়, যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত বেদনাদায়ক।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সহিংসতা ও উত্তেজনা সৃষ্টির ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল আচরণ এবং নিজ নিজ সমর্থকদের মধ্যে সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
অন্তর্বর্তী সরকার আরও জানায়, গণতন্ত্রের পথে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রাণহানির কোনো স্থান নেই। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনই সরকারের প্রধান অগ্রাধিকার।
এদিকে শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।
বিবৃতিতে সব রাজনৈতিক দল, নেতা ও নির্বাচনী কার্যক্রমে যুক্ত সংশ্লিষ্টদের প্রতি শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার আহ্বান জানানো হয়।
অন্তর্বর্তী সরকার পুনর্ব্যক্ত করেছে যে, একটি শান্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে।