প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬

চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় গুরুতর আহত হন ওই শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম পুষ্প (১৫)। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার পৈলপাড়া গ্রামের বাসিন্দা কমল পাটোয়ারীর কন্যা। পুষ্প মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, তিন দিন আগে মায়ের সঙ্গে দাউদকান্দি এলাকায় বড় চাচার বাড়িতে বেড়াতে যান পুষ্প। বুধবার বিকেলে বাড়ি ফেরার সময় দাউদকান্দি টোল প্লাজার কাছে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর মা আসমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমার মেয়েটা খুব স্বপ্ন নিয়ে পড়াশোনা করছিল। আল্লাহ আমার বুকের ধনটা নিয়ে গেলেন। এই শোক আমি কীভাবে সহ্য করব।

পুষ্পের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে চলছে শোক আর কান্না।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাহের হোসেন জানান, পুষ্প বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ও মেধাবী ছাত্রী ছিল। তার এমন মৃত্যু বিদ্যালয় পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, পুষ্প ছিল অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা