আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া সহিংস ঘটনার বিরুদ্ধে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে শেরপুরসহ বিভিন্ন এলাকায় সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদ জানানো হবে এবং দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এর আগে বুধবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার পাঠ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের আয়োজিত ওই অনুষ্ঠানে বসার স্থান নিয়ে বাকবিতণ্ডার জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
এই ঘটনায় গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিম (৪২)। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতেই তিনি মারা যান। তিনি ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।