দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে দেশটির একজন সংসদ সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। বুধবার (স্থানীয় সময়) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের বহনকারী বিমানটি ছিল কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনার একটি উড়োজাহাজ। বিমানটি ভেনেজুয়েলা সীমান্তবর্তী শহর কুকুটা থেকে যাত্রা শুরু করে ওকানার উদ্দেশে যাচ্ছিল। ফ্লাইটটিতে কলম্বিয়ার সংসদ সদস্য দিওজেনেস কুইনতেরোসহ যাত্রী ও ক্রু মিলিয়ে ১৫ জন আরোহী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী দলের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, ওকানা বিমানবন্দরে নামার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে বিস্ফোরণ ঘটে, ফলে ঘটনাস্থলেই সবাই প্রাণ হারান।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটিতে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।