জামালপুরের ইসলামপুর উপজেলায় ছাত্র অধিকার পরিষদের উপজেলা পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামপুর বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বাবু হাসান রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুকসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় নতুন যোগদানকারী নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক বাবলু মণ্ডল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আউয়াল খান লোহানী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খান লোহানী সোহাগ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুজন, যুবনেতা জাহিদ আনোয়ার খোকনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তরুণ ও উদ্যমী নেতাকর্মীদের এই যোগদানের মাধ্যমে বিএনপি আরও শক্তিশালী হবে এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হবে।