প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির সাথে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচনী ইশতেহার পাঠকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন।

 

বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘জনতার মুখোমুখি’ কর্মসূচিতে এই সহিংসতার ঘটনা ঘটে।

 

নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিশ্চিত করে শেরপুর-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রার্থীদের ইশতেহার উপস্থাপন অনুষ্ঠান চলাকালে বসার চেয়ার নিয়ে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

 

সংঘর্ষের সময় রেজাউল করিম গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তিনি মারা যান।

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা