চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া তিন বছর বয়সী শিশু মিসবাহকে দীর্ঘ সাড়ে চার ঘণ্টার উদ্ধার অভিযানের পর জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুটি ওই এলাকার বাসিন্দা সাইফুল আজমের সন্তান।
স্থানীয় সূত্র জানায়, শিশুটির বাড়ি থেকে প্রায় ৩০ থেকে ৪০ ফুট দূরে কয়েক বছর আগে সরকারি উদ্যোগে গভীর নলকূপ বসানোর জন্য একটি গর্ত খোঁড়া হলেও সেখানে আর নলকূপ স্থাপন করা হয়নি। গর্তটি খোলা অবস্থায় থাকায় খেলতে গিয়ে শিশুটি সেখানে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টায় রাত আনুমানিক ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে বের করে আনা হয়।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আদম আলী জানান, ক্যামেরার মাধ্যমে গর্তের প্রায় ১২ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। পরে পাশ থেকে মাটি কেটে সাবধানে উদ্ধার কাজ সম্পন্ন করা হয়।
এ ঘটনায় কদলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, সরকারি প্রকল্পের আওতায় কয়েক বছর আগে গর্ত খোঁড়া হলেও নলকূপ স্থাপন না করেই কাজ বন্ধ হয়ে যায়। কেন কাজ শেষ হয়নি, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, উদ্ধার শেষে শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুরো উদ্ধার কার্যক্রমে পুলিশ ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে।