স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সিলেটের নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো এবং প্রত্যাশার তুলনায় অনেক বেশি। এবার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত রয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সিলেটে স্থানীয় প্রশাসনের সঙ্গে নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি নির্বাচনী কেন্দ্রে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সেন্টারে থাকবে সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, ডগ স্কোয়াড এবং নিরাপত্তা অ্যাপ। সব কেন্দ্রে ড্রোন থাকবে না, তবে কিছু কেন্দ্রে ড্রোন নজরদারি চালু থাকবে। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার থাকবে, যার মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা এবং তিনজন আর্মড আনসার থাকবেন। এছাড়া সেনা, নৌ, বিমানবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে থাকবে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম।
তিনি আরও বলেন, অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের প্রস্তুতি অনেক ভালো। নির্বাচনের কাজে যুক্ত সবাই সৎ কর্মকর্তা এবং নির্বাচনের সুষ্ঠু সম্পন্ন নিশ্চিত করতে প্রস্তুত।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।