রাজশাহীর পর এবার চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপে পড়ে গেছে তিন বছরের মিসবাহ। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শিশুটি অসাবধানতাবশত খোলা নলকূপের গর্তে পড়ে যায়। ঘটনা টের পেয়ে স্বজনরা দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অবহিত করেন। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা শুরু করে।
রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশের গভীর নলকূপে পড়ে যায়। গর্তটির প্রকৃত গভীরতা এখনো নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা শিশু উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছেন।
এর আগে, ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় সাজিদ নামে আরেক শিশুর এমনই ঘটনায় মৃত্যু হয়েছিল। ওই সময় ফায়ার সার্ভিস ৩২ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়েও শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।