নারায়ণগঞ্জে ২২টি মামলার আসামি সুজনকে ১টি বিদেশি রিভলভার ও ৭ রাউন্ড গুলিসহ র্যাব-১১ গ্রেফতার করেছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত ৩:৩০ ঘটিকায় র্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন্দর থানার চাঁনপুর এলাকায় সুজনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার এক সহযোগীও আটক করা হয়।
র্যাব জানায়, নারায়ণগঞ্জের বন্দর ও পার্শ্ববর্তী এলাকায় সুজন ও তার বাহিনী মাদক, চাঁদাবাজি, জমিদখল ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। স্থানীয় ব্যবসায়ীদের বাধ্য করে বড় অঙ্কের চাঁদা নেওয়া, নতুন স্থাপনা নির্মাণে বাধা দেওয়া এবং শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্ট থেকে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে চাঁদা আদায় করা ছিল তার নিয়মিত কর্মকাণ্ড।
সুজন বাহিনী ব্যবহার করে সাধারণ মানুষের জমি দখল, মাদকের বড় নেটওয়ার্ক গঠন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল। র্যাব-১১’র গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও অভিযান শেষে তাকে ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলছে।