আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়াকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। নানা গুঞ্জন ছড়ালেও পুরো সময়জুড়ে বিষয়টি নিয়ে নীরব ছিলেন এই বাঁহাতি পেসার। গণমাধ্যমের সামনেও এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে।
এদিকে বাংলাদেশ দল টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে দীর্ঘ বিরতিতে রয়েছেন। এমন সময়েই ব্যক্তিগত সাফল্যের একটি ইতিবাচক খবর পেলেন মোস্তাফিজ।
আইসিসির হালনাগাদ টি–টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে তার। নতুন র্যাঙ্কিংয়ে ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন ‘দ্য ফিজ’।
বর্তমানে সেরা দশে থাকা একমাত্র বাংলাদেশি বোলার মোস্তাফিজুর রহমানই। তার পরের অবস্থানে আছেন শেখ মেহেদী হাসান, যিনি এক ধাপ পিছিয়ে ১৪ নম্বরে রয়েছেন (৬৩৪ পয়েন্ট)। এছাড়া ১৭ নম্বরে অবস্থান করছেন রিশাদ হোসেন, তার সংগ্রহ ৬১৯ পয়েন্ট। সেরা বিশের তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এই তিন বোলারই।
অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ চার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ভারতের বরুণ চক্রবর্তী ৭৮৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে আফগানিস্তানের রশিদ খান (৭৩৭), তৃতীয় স্থানে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৭০২) এবং চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি (৬৯১)।
তবে শীর্ষ পাঁচে একটি পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ।