প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, ঠিক তেমনিভাবে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার পথ খুলবে। তিনি জানান, জুলাই অভুত্থ্যানে ইন্টারনেট বন্ধের পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার ফলেই তখন মহাশক্তিশালী সরকারের পতন ঘটে।
তিনি আরও বলেন, ডিজিটাল খাত বর্তমানে মূল খাত। এ খাত থেকেই পরিবর্তন আসবে এবং অন্যান্য খাতের ওপর এর প্রভাব পড়বে।
নাগরিক সেবার ডিজিটালাইজেশন কাগজে কলমে হলেও বাস্তবায়ন হয়নি উল্লেখ করে ড. ইউনূস বলেন, “সরকার শুধু একটি সিস্টেম তৈরি করে জনগণের হাতে দেবে, জনগণ নিজেদের মতো করে তা ব্যবহার করবে। এটিই তথ্যপ্রযুক্তির শক্তি।”
পার্বত্য চট্টগ্রামের স্কুলগুলোর ইন্টারনেট সংযোগ প্রসঙ্গে তিনি বলেন, “পাহাড়ের তিন জেলায় আড়াই হাজার স্কুলের মধ্যে মাত্র ১২টি স্কুলে ইন্টারনেট সংযোগ ছিল। যেখানে শিক্ষক নেই, ইন্টারনেটই সেই স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কাজ করবে।”
ড. ইউনূস বলেন, সবার জন্য চাকরি নিশ্চিত করা একটি ভুল ধারণা। উদ্যোক্তা হওয়ার জন্য সরকারকে সহায়তা করতে হবে। তিনি সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি চাকরি করা উচিত নয় বলে মনে করেন, কারণ দীর্ঘ সময় একই প্রতিষ্ঠানে থাকলে সৃজনশীলতা নষ্ট হয়।
তিনি জালিয়াতি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়েছে, যা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। প্রযুক্তিতে ভালো করতে হলে জালিয়াতি বন্ধ করতে হবে। আমরা চাই বাংলাদেশকে মাথা উঁচু করে এগোতে, এবং আমাদের সেই সামর্থ্য রয়েছে।”