ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ গ্রহণ করবে না, এবং ভোটের ফলাফল নির্ভর করবে বাংলাদেশের জনগণের ওপর, এমন মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বুধবার (২৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে যাঁরাই জয়ী হবেন, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
বৈঠকের আগে নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে পৌঁছান। বৈঠক বেলা ১১টা ৫০ মিনিটে শুরু হয়।
বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। মার্কিন প্রতিনিধি দলে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ছাড়াও রয়েছেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ।
উল্লেখ্য, ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি দেশটিতে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।