প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

থাইল্যান্ডকে উড়িয়ে টানা পঞ্চম জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দাপট অব্যাহত রয়েছে। কাঠমান্ডুতে সুপার সিক্স পর্বের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টুর্নামেন্টে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে অনেকটাই এগিয়ে গেল বাঘিনীরা।

মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই দিলারা আক্তার ও দ্বিতীয় ওভারে শারমিন আক্তার সুপ্তা আউট হলে দ্রুত দুই উইকেট হারায় দল।

তবে সেই চাপ সামলে ইনিংস গুছিয়ে নেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। ধৈর্য ও আক্রমণের সমন্বয়ে তারা গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। জুয়াইরিয়া ৪৫ বলে ৫৬ রান করেন, যেখানে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। অপরদিকে সোবহানা মোস্তারি খেলেন ৪২ বলে ৫৯ রানের ইনিংস, মারেন ৯টি চার ও একটি ছক্কা।

১৫.৩ ওভারে ১২২ রানে এই জুটি ভাঙলেও বড় সংগ্রহের ভিত তখনই গড়ে যায়। শেষদিকে রিতু মনির ১৫ রানের ঝরঝরে ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান।

থাইল্যান্ডের পক্ষে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন থিপাচা পুত্থাওং, যিনি ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। ফান্নিতা মায়া ও অনিচা কামচোমফু নেন দুটি করে উইকেট।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ড শুরুতে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। নাত্থাকান চান্থাম দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি হলেও বাড়তি রানচাপ সামাল দিতে পারেনি তারা।

বাংলাদেশের বোলিংয়ে স্বর্ণা আক্তার, রিতু মনি ও মারুফা আক্তার ছিলেন দুর্দান্ত। স্বর্ণা ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ২ উইকেট, রিতু মনি ২০ রানে শিকার করেন ২ উইকেট এবং মারুফা আক্তার ২৫ রানে নেন ৩ উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে থাইল্যান্ড থামে ১২৬ রানে।

ফলে ৩৯ রানের জয়ে সুপার সিক্সে টানা তৃতীয় এবং পুরো টুর্নামেন্টে পঞ্চম জয় নিশ্চিত করে বাংলাদেশ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা