গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
একই রায়ে চারজন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী এবং ঝন্টু শেখ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালে সাইদুর রহমান বাসু হত্যাকাণ্ডের শিকার হন। ওই বছরের ১৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর থানায় তার ছোট ভাই জাসু শেখ একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে ২০১৬ সালের ১২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক হযরত আলী ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৭ সালের ২৯ আগস্ট তৎকালীন গোপালগঞ্জের দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন।
বিচার প্রক্রিয়া শেষে মামলাটি ২০১৮ সালের ১৬ আগস্ট নিষ্পত্তির জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় ঘোষণা করা হলো।