দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নির্ধারণে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে অর্থ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে পুঁজিবাজারকে আরও কার্যকর ও শক্তিশালী করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) একীভূত করার সম্ভাবনা, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) পুঁজিবাজারে তালিকাভুক্ত করা এবং সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)কে ডিএসইর সাবসিডিয়ারি হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়গুলো আলোচনার তালিকায় রয়েছে।
সরকার দেশের দুটি স্টক এক্সচেঞ্জ একীভূত করে একটি জাতীয় স্টক এক্সচেঞ্জ গঠনের বিষয়টি বিবেচনায় নিচ্ছে বলেও জানা গেছে। পুঁজিবাজারে সংস্কার, কাঠামোগত শক্তিশালীকরণ এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে।