প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারত থেকে ৫১০ মেট্রিক টন চাল আমদানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬

দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় চাল আমদানি কার্যক্রম শুরু হয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে পাঠানো চারটি পৃথক চালানে মোট ৫১০ টন নন-বাসমতি সিদ্ধ চাল বন্দরে পৌঁছেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ১৪টি ট্রাকযোগে আনা এসব চাল বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে খালাস করা হয়। আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে হাজী মুসা করিম অ্যান্ড সন্স।

বন্দর সূত্র জানায়, দেশের বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতে সরকারের শুল্কমুক্ত আমদানি সুবিধার আওতায় এই চালানটি এসেছে। দ্রুত খালাস ও বাজারে সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন জানান, ভারত থেকে আগত ৫১০ টন নন-বাসমতি মোটা চাল নির্ধারিত প্রক্রিয়ায় খালাস করা হচ্ছে এবং এ কাজে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, সর্বশেষ গত বছরের নভেম্বর মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। এরপর দীর্ঘ সময় এ বন্দর দিয়ে চাল আমদানি কার্যক্রম বন্ধ ছিল।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ২ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩ মার্চের মধ্যে এসব চাল দেশে এনে বাজারে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা