প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে আমরা গ্যারান্টি দিচ্ছি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বিএনপি ক্ষমতায় থাকাকালে সব ধর্মের মানুষ, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে এবং ভবিষ্যতেও তা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) চকরিয়া উপজেলার কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে সর্বাত্মক ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের অঙ্গীকার বাস্তবায়ন ও গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, চকরিয়া অঞ্চলে কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল খনন ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করতে গিয়ে তাকে কারাবরণ করতে হয়েছে। উদ্দেশ্য ছিল উন্নয়ন থামিয়ে দেওয়া, যার ফলে সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, দেশে বহু রাজনৈতিক দল থাকবে এবং নির্বাচনে অংশ নেবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রকৃত শক্তি বিএনপি। বিএনপি মানেই গণতন্ত্র, বিএনপি মানেই উন্নয়ন।

নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে তিনি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও একাধিক পথসভায় বক্তব্য দেন। এ সময় বিপুল সংখ্যক নারী-পুরুষ তাকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।

সভায় সভাপতিত্ব করেন কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম মহিউদ্দিন। এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা