প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশে ড্রোন কারখানা করতে চীনের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ইন্টারন্যাশনাল (সিইটিসি) যৌথভাবে ড্রোন বা আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপনের জন্য সরকার-থেকে-সরকার (জি-টু-জি) চুক্তি স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। চুক্তির আওতায় প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প-দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা অন্তর্ভুক্ত, যা দেশীয় ইউএভি উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রাথমিকভাবে মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স (MALE) এবং ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (VTOL) ইউএভি উৎপাদন ও সংযোজনে সক্ষমতা অর্জন করবে। এসব ইউএভি সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য অসামরিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি অনুযায়ী, দক্ষ অ্যারোস্পেস কর্মশক্তি গড়ে তোলা, বিশেষায়িত প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে জাতীয় প্রযুক্তিগত অগ্রগতিতেও উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হবে।

স্বাক্ষর অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সিইটিসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা