প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থীকে শোকজ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য গোলাম রসুল এ শোকজ নোটিশ জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রণীত নির্বাচনী আচরণবিধিমালা এবং জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নির্ধারিত বিধি লঙ্ঘন করে চৌগাছা উপজেলার বিভিন্ন স্থানে অনুমোদনহীনভাবে রঙিন ফেস্টুন, ব্যানার ও পোস্টার দেয়ালে সাঁটানো হয়েছে। যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযোগ অনুযায়ী, নির্বাচনী প্রচারণাকালে সাবিরা সুলতানা অনুমোদনবিহীনভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করেছেন—এমন অভিযোগের প্রাথমিক সত্যতা তদন্তে পাওয়া গেছে। বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হলে কমিশনের নির্দেশনায় এ শোকজ নোটিশ জারি করা হয়।

নোটিশে আরও জানানো হয়, আগামী ২৯ জানুয়ারি বিকাল ৩টায় যশোর জেলা দায়রা জজ আদালত ভবনের ৩য় তলায় অবস্থিত অভয়নগর সিভিল জজ আদালতে হাজির হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে নির্বাচন আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “নোটিশ পেলে আইন ও বিধি মেনে যথাযথ জবাব দেব ইনশাল্লাহ।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা