প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপি দুর্নীতিগ্রস্ত হলে জামায়াতের ২ মন্ত্রী কেন পদত্যাগ করেনি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

অতীতে রাষ্ট্র পরিচালনায় থাকা দলগুলোর দুর্নীতি নিয়ে সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বাস্তব অভিজ্ঞতা রয়েছে কীভাবে দুর্নীতির বিরুদ্ধে কার্যকরভাবে ব্যবস্থা নিতে হয়। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, বর্তমানে একটি রাজনৈতিক দল স্বৈরাচারী শাসকের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে একটি দল বিএনপিকে ‘দুর্নীতির চ্যাম্পিয়ন’ হিসেবে তুলে ধরছে। অথচ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়কালে সেই দলেরই দুজন প্রতিনিধি বিএনপির নেতৃত্বাধীন সরকারে মন্ত্রিত্বে ছিলেন। তিনি প্রশ্ন রাখেন, বিএনপি যদি তখন এতটাই দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে তারা কেন পদত্যাগ করে সরকার ছেড়ে যাননি?

তিনি আরও বলেন, তারা পদত্যাগ করেননি কারণ তারা ভালো করেই জানতেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। খালেদা জিয়া কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি—এটি সরকারে থাকা সবাই অবগত ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সূচক ও পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে বাংলাদেশ ধীরে ধীরে দুর্নীতির নেতিবাচক অবস্থান থেকে বেরিয়ে আসছিল। ২০০১ সালে দায়িত্ব গ্রহণের পর দেশ দুর্নীতির নিম্নগতি থেকে উত্তরণের পথে এগোতে শুরু করে।

তিনি আরও বলেন, যারা আজ বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে, তাদের দলের প্রতিনিধিরা পুরো মেয়াদজুড়েই সরকারে থাকার মাধ্যমে নিজেরাই প্রমাণ করেছেন যে এসব অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা