রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘প্রতিবাদী সমাবেশ’কে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন জাকসু এজিএস (শিবির সমর্থিত প্যানেল) আয়েশা সিদ্দিকা মেঘলা। একই সঙ্গে তিনি এই সমাবেশে জামায়াতের মহিলা বিভাগের বক্তব্য শোনার আগ্রহ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
পোস্টে মেঘলা লেখেন, এর আগে জামায়াতে ইসলামীর মহাসমাবেশের সময় তিনি নারীদের জন্য আলাদা সমাবেশের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তখন অনেকেই বিষয়টিকে অসম্ভব বলে মন্তব্য করেছিলেন। তাদের যুক্তি ছিল—জেলা পর্যায় থেকে নারীদের আসা কঠিন, অনেকের সঙ্গে মাহরাম বা সন্তান থাকার বিষয় রয়েছে, ফলে বড় পরিসরে নারী সমাবেশ বাস্তবসম্মত নয়।
তবে তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামের মহিলা বিভাগের আন্তর্জাতিক পর্যায়ের কর্মসূচি তিনি আগেও দেখেছেন। সেসব উদাহরণ তুলে ধরে তিনি বলেন, যখন অন্য দেশে এটি সম্ভব, তখন বাংলাদেশেও তা বাস্তবায়ন করা অসম্ভব নয়।
মেঘলা আরও বলেন, ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এই সমাবেশটি মহিলা জামায়াতের নিজেদের বক্তব্য ও রাজনৈতিক অবস্থান তুলে ধরার একটি বড় সুযোগ। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে নতুন বার্তা ও চমক আসতে পারে।
জাকসু এজিএস আরও লেখেন, নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর পলিসি সামিট যেমন আলোচনার জন্ম দিয়েছিল, তেমনি এই নারী সমাবেশও গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। তিনি জানান, জামায়াতের মহিলা বিভাগের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন তিনি।