প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভোটের দিন একাত্তরের মতো ঐক্য ধরে রাখতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচনের দিন ভোটারদের সর্বোচ্চ সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যেমন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে ছিল, এবারও তেমনি ঐক্য ধরে রেখে ভোটের অধিকার রক্ষা করতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ভোটের আগের রাতে তাহাজ্জুদ পড়ে ধানের শীষ প্রতীকের জন্য দোয়া করতে হবে এবং ফজরের নামাজ শেষে সবাইকে নিয়ে ভোটকেন্দ্রের সামনে অবস্থান নিতে হবে। তিনি বলেন, শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়, প্রতিটি ভোট সঠিকভাবে গণনা হওয়া পর্যন্ত ফলাফল বুঝে নিতে হবে।

জনসভায় তিনি ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের জনসম্মুখে পরিচয় করিয়ে দেন এবং জনগণের ঐক্য থাকলে এবারের নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনকে কেন্দ্র করে অতীতের ভোট জালিয়াতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে যারা ভোট লুট করেছে, তাদের বিষয়ে এবার সবাইকে সজাগ থাকতে হবে। ১৬ বছর ধরে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি সেই অধিকার ফিরে পাওয়ার দিন।

বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সমালোচনাকারীদের উদ্দেশে প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, ২০০১ সালের জোট সরকারের সময় অভিযোগকারীদেরই মন্ত্রিত্ব ছিল। বিএনপি যদি দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে তারা কেন তখন পদত্যাগ করেননি? তিনি দাবি করেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ দুর্নীতির লাগাম টানতে পেরেছিল।

ময়মনসিংহ অঞ্চলের উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, এ অঞ্চলের মাছের পোনা বিদেশে রফতানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন তিনি। কৃষকদের সহায়তায় সময়মতো বীজ ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করার কথাও বলেন।

এ ছাড়া মাদকমুক্ত সমাজ গঠন, ঘরে বসেই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ইমাম-মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থার কথাও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান।

ভাষণের শেষাংশে তারেক রহমান বলেন, অন্য দলকে আক্রমণ করে নয়, বরং জনগণের কল্যাণে কাজের রাজনীতির মাধ্যমেই আস্থা অর্জন করতে চায় বিএনপি। জনগণের জন্য কাজ করার সুস্পষ্ট পরিকল্পনা ও অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা