ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যেকোনো সময় সামরিক অভিযান চালাতে পারে, এমন আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে জোরালো হচ্ছে। চলতি সপ্তাহেই হামলা হতে পারে বলে ধারণা করা হলেও পরিস্থিতির ওপর নির্ভর করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, সম্ভাব্য হামলার পর ইরানের প্রতিক্রিয়া এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে মতবিরোধ রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানে প্রায় এক মাস ধরে চলমান বিক্ষোভ ও বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়নের অভিযোগকে কেন্দ্র করে ওয়াশিংটন এই সামরিক বিকল্প বিবেচনায় রেখেছে। অভিযোগ রয়েছে, এসব অভিযানে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে।
শুরুর দিকে বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানালেও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনা প্রশমনের কৌশল নেন। তিনি দাবি করেন, হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। সৌদি আরব, কাতার ও ওমানের মতো উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক চাপেই এই অবস্থান নেওয়া হয়েছে বলে জানা গেছে।
যদিও কিছু প্রতিবেদনে এটিকে সামরিক পদক্ষেপ থেকে সরে আসা হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল, সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে এটি ছিল কেবল অস্থায়ী বিরতি। অতীতের ভেনেজুয়েলা পরিস্থিতির উদাহরণ টেনে তারা বলছেন, তেহরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা থেকে পুরোপুরি সরে আসেননি ট্রাম্প।
বিশেষজ্ঞদের ধারণা, জানুয়ারির শুরুর দিকের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্র সামরিকভাবে অনেক বেশি প্রস্তুত। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান ও নৌবহর মোতায়েন করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী এলাকায় পৌঁছেছে, যেখানে আধুনিক যুদ্ধবিমান ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা রয়েছে। পাশাপাশি জর্ডানের একটি ঘাঁটিতে এফ-১৫ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
তবে সূত্র জানায়, উপসাগরীয় দেশগুলো ইরানে হামলার জন্য তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। এই নিষেধাজ্ঞা এপ্রিল ২০২৫ থেকে কার্যকর রয়েছে। রয়টার্সের বরাতে জানা গেছে, এক শীর্ষ ইরানি কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন—আরব দেশগুলোর ঘাঁটি ব্যবহার করে হামলা চালানো হলে সেসব দেশও পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়বে।
সৌদি আরব, কাতার, ওমান ও তুরস্ক প্রকাশ্যে হামলার বিরোধিতা করেছে। যদিও কিছু ইসরায়েলি গণমাধ্যম সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের সমর্থনের দাবি করলেও, আবুধাবি স্পষ্ট করেছে—তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক তৎপরতায় নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে নতুন কোনো মার্কিন হামলাকে ইরান অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করতে পারে। এতে হরমুজ প্রণালি বন্ধ করা বা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার ঝুঁকি রয়েছে। উল্লেখ্য, এই প্রণালি দিয়েই বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়।