প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ময়মনসিংহে তারেক রহমান: জনসভা ঘিরে নেতাকর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকার গুলশান থেকে সড়কপথে যাত্রা শুরু করে দুপুরে তিনি ময়মনসিংহ নগরীতে পৌঁছান।

শহরে পৌঁছানোর পর তিনি জেলা সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নেন। এরপর ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এদিকে ময়মনসিংহ জেলার নির্বাচনী রাজনীতিতে এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। জেলার মোট ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতেই বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের সমীকরণ জটিল হয়ে উঠেছে। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, এসব বিদ্রোহী আসনের অন্তত পাঁচটিতে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। বিদ্রোহী প্রার্থীরা প্রভাবশালী হওয়ায় তাদের সমর্থকদের বড় একটি অংশ জনসভায় অংশ নেয়নি বলে জানা গেছে।

দুপুর ২টায় জনসভা শুরুর কথা থাকলেও ওই সময় পর্যন্ত তারেক রহমান মঞ্চে উপস্থিত হননি। তবে এরই মধ্যে শহর ও জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে ময়মনসিংহ শহরের বিভিন্ন মোড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় আকারের ছবি ও ব্যানার শোভা পাচ্ছে, যা নগরজুড়ে নির্বাচনী আমেজ তৈরি করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা