ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা কিশোর ও তরুণদের কান ধরে উঠবস করানোর ঘটনায় সমালোচনার মুখে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ প্রেক্ষাপটে তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন—ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন এতদিন কী পদক্ষেপ নিয়েছে?
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সর্বমিত্র চাকমা তার অবস্থান স্পষ্ট করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, কেন্দ্রীয় লাইব্রেরি ও কেন্দ্রীয় মাঠ এলাকায় যাদের সাইকেল, মোবাইল ফোন, মানিব্যাগসহ ব্যক্তিগত সামগ্রী হারিয়েছে কিংবা যারা হয়রানির শিকার হয়েছেন এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন—তারা যেন প্রমাণসহ তার সঙ্গে যোগাযোগ করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জিনিসপত্র চুরি হওয়ার পরও প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে বা কেন কার্যকর উদ্যোগ নেয়নি, সে বিষয়ে তিনি লিখিতভাবে জবাব চাইবেন। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় প্রশাসনকেই বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ নিশ্চিত করেন যে, সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। জবাব পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
শোকজ নোটিশ পাওয়ার পর আরেকটি ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও মাঠ এলাকায় শিক্ষার্থীদের সাইকেল, মানিব্যাগ ও মোবাইল হারানোর একাধিক ঘটনা ঘটলেও কেন প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি, তা তিনি জানতে চান। পাশাপাশি দেয়াল সংস্কার না করা এবং শারীরিক শিক্ষা ভবনে মদ্যপ অবস্থায় ধরা পড়া কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব অংশে প্রায় ৩০ জন কিশোর ও তরুণকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কান ধরে উঠবস করানোর ঘটনা ঘটে। ধারণা করা হয়, তাদের বয়স ১৩ থেকে ২১-২২ বছরের মধ্যে ছিল। এ ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।