বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল একদিকে সামাজিক সুবিধার প্রতিশ্রুতি দিচ্ছে, অথচ অন্যদিকে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তিনি সতর্ক করে বলেন, ওই শক্তি রাষ্ট্রক্ষমতায় এলে মা-বোনদের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়বে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জনসভায় যশোরকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, জনগণের অধিকার জনগণকেই ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহর সহায়তায় জনগণের সমর্থনে বিজয়ী হলে ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। তার ভাষায়, “রাজনীতি হবে মানুষের কল্যাণে, কোনো পরিবার বা গোষ্ঠীর স্বার্থে নয়।”
গণভোট নিয়ে বিরোধিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠী সংস্কারের পক্ষে রয়েছে। জনগণ আর পুরোনো রাজনৈতিক কাঠামোয় ফিরতে চায় না। তিনি দাবি করেন, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে দেশ এগিয়ে যাবে, আর তা ব্যর্থ হলে জাতি পিছিয়ে পড়বে। এ কারণে গণভোটে বিজয় ছাড়া সরকার গঠনের কোনো তাৎপর্য নেই।
নারীদের মর্যাদা ও নিরাপত্তা প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, মায়ের জাতির অপমান কোনোভাবেই সহ্য করা হবে না। কোথাও নারীর অধিকার ক্ষুণ্ন হলে তা প্রতিহত করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
এ সময় তিনি যশোরের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে নিরপেক্ষ থেকে জনগণের পক্ষে দায়িত্ব পালন করতে হবে। কোনো দলের নয়, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার অনুরোধ জানান তিনি। পাশাপাশি জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।