প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনের জন্য টাকা চাইলেন এবার জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংহতি আন্দোলনের নির্বাচনী তহবিল গঠনে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দলটির প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী জোনায়েদ সাকি।

সোমবার (২৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, গণসংহতি আন্দোলনের নির্বাচনী তহবিল গড়ে উঠবে জনগণের সম্মিলিত সামর্থ্যের ভিত্তিতে। ‘মাথাল’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা ১৭ জন প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্বাহে জনগণের সহযোগিতাই আমাদের প্রধান ভরসা।

তিনি আরও জানান, দলটির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রচার-প্রচারণা ও অন্যান্য ব্যয় মেটাতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক অর্থায়নের পথ বেছে নেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে রাজনীতিতে জনগণের সরাসরি সম্পৃক্ততা এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করাই লক্ষ্য।

ঘোষণায় অনুদান পাঠানোর বিভিন্ন মাধ্যমের তথ্যও প্রকাশ করা হয়। এতে বিকাশের ‘সেন্ড মানি’ অপশন, ডাচ-বাংলা ব্যাংকের নির্দিষ্ট একটি হিসাব নম্বর এবং বিদেশ থেকে অর্থ পাঠানোর জন্য ভেনমোর মাধ্যমে অনুদান দেওয়ার সুযোগের কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে ‘ক্রাউড ফান্ডিং’ বা গণ-অনুদানের মাধ্যমে নির্বাচনী ব্যয় সংগ্রহের প্রবণতা বাড়ছে। এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আসা তাসনিম জারা, নোয়াখালী-৬ আসনের এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদ, রংপুর-৪ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন এবং আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানসহ একাধিক প্রার্থী জনসাধারণের অনুদানের মাধ্যমে নির্বাচনী তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা